জাপানে জ্বালানি সঙ্কট মোকাবেলায় ৩ বিলিয়ন ডলার ভর্তুকি অনুমোদন

মন্ত্রিপরিষদের উপ-প্রধান সচিব মাসানাও ওজাকি বলেন, ‘আজকের মন্ত্রিসভা বৈঠকে আমরা বিদ্যুৎ ও গ্যাস বিল সহায়তায় ৫১৩ দশমিক ৫ বিলিয়ন ইয়েন ব্যয় অনুমোদন করেছি।’

নয়া দিগন্ত অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জাপানে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধে সহায়তার জন্য ৩ বিলিয়ন ডলার ভর্তুকি হিসেবে অনুমোদন করেছে দেশটির সরকার।

মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে জাপানের সাধারণ মানুষকে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে ভর্তুকি হিসেবে এ সহায়তা দেয়া হবে।

দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত অপরিহার্য মৌলিক সেবাগুলোর খরচ দ্রুত বৃদ্ধি পাওয়ায়, সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

জাপানের মতো এশিয়ার অনেক দেশই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীতে সম্ভাব্য সঙ্কট ও সরবরাহ বাধার আশঙ্কায় দেশটি জ্বালানি ও দামের চাপ মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস এই ভর্তুকি কার্যকর থাকবে। একইসাথে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ১৯ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে।

মন্ত্রিপরিষদের উপ-প্রধান সচিব মাসানাও ওজাকি বলেন, ‘আজকের মন্ত্রিসভা বৈঠকে আমরা বিদ্যুৎ ও গ্যাস বিল সহায়তায় ৫১৩ দশমিক ৫ বিলিয়ন ইয়েন ব্যয় অনুমোদন করেছি।’

তিনি বলেন, চলতি ও আগামী মাসে বিদ্যুৎ ও গ্যাসের বিল উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম। তবে এরপর জ্বালানি আমদানির দাম বৃদ্ধি পেলে, তার প্রভাব পড়তে পারে।

ওজাকি আরো বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হলেও জনগণের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কার্যক্রমে কোনো বড় বিঘ্ন না ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সোমবার প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, আগামী বসন্ত পর্যন্ত জ্বালানি তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার আশা করছে সরকার।