‘মার্চ থেকেই পুরো গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে ইসরাইল’

পুরো গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার বাস্তবায়ন মার্চের শুরু থেকেই শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজা উপত্যকা
গাজা উপত্যকা |সংগৃহীত

পুরো গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার বাস্তবায়ন মার্চের শুরু থেকেই শুরু হয়েছে বলে মনে করেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বারাকাত বলেন, ‘অনেকগুলো বিষয় এই পথকে সুগম করেছিল। যেমন ফিলিস্তিনিদের আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেয়া, তারপর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, যার চারটি নির্দিষ্ট পয়েন্ট ছিল, এর মাধ্যমে তারা ওসব এলাকায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করা ইত্যাদি।’

বারাকাত আরো বলেন, ‘নতুন ও বিপজ্জনক অংশ’ মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের ইসরাইল সফরের পর ঘোষণা করা হয়েছিল। আমরা ধরে নিতে পারি যে তিনি পরিকল্পনাটি অনুমোদন করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতে সমর্থন দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এটাও হতে পারে যে ইসরাইল গাজায় যুদ্ধের অবসান ঘটাতে তাড়াহুড়ো করছে। নেতানিয়াহু সেপ্টেম্বরের মধ্যেই এই কাজটি সমাপ্ত করতে চান। কারণ, অনেক দেশ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার হুমকি দিচ্ছে।’

সূত্র : আল জাজিরা