ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়ে সাময়িকভাবে ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে মার্কিন অর্থ বিভাগ।
এই লাইন্সেসের অর্থ হলো ইরান আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর আজ এ ঘোষণা এলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ দেয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট লিখেছেন, ‘ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তাই মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়ে সাময়িক ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।’
গতকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট।
সূত্র : আল জাজিরা



