গাজা দখল করতে চায় ইসরাইল : নেতানিয়াহু

হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরাইল গাজা উপত্যকা দখল করতে চায় বলে জানান নেতানিয়াহু।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরাইল গাজা উপত্যকা দখল করতে চায়।

মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, ইসরাইল গাজার নিয়ন্ত্রণ নেবে কি-না। জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সেখান থেকে হামাসকে সরাতে, সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাস নয় এবং ইসরাইলকে ধ্বংস করতে চায় এমন কোনো পক্ষও নয়।’

তিনি বলেন, তাদের লক্ষ্য স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডটি পরিচালনা করা নয় বরং হামাসকে অপসারণ করে আঞ্চলিক আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেয়া।

২০০৫ সালে গাজা ছেড়ে চলে যাওয়ার আগে ইসরাইল যেভাবে ২৬ মাইল দীর্ঘ এই ভূখণ্ডটি দখল করেছিল, সেভাবে আবারো পুরো গাজা পুনর্দখল করবে কি-না এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা সেখানে শাসক হিসেবে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে হস্তান্তর করতে চাই যারা আমাদের হুমকি না দিয়ে এটি সঠিকভাবে পরিচালনা করবে এবং গাজার বাসিন্দাদের একটি ভালো জীবন দেবে।’

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় পুরো অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি