গাজা অভিমুখী নতুন নৌবহর (ফ্লোটিলা) আটক করার পর অংশগ্রহণকারীদের মুক্তি ও ভবিষ্যৎ অপারেশন পরিকল্পনা নিয়ে ইসরাইলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলগুলোতে জরুরি আলোচনা চলছে। বিশেষ করে যারা আগেও অবরোধ ভাঙার চেষ্টা করেছে—তাদের মুক্তি দেয়া হবে কিনা, তা নিয়ে তেল আবিবে বিতর্ক চলছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ রয়েছেন, যিনি এর আগে একই উদ্দেশ্যে নৌবহরে যোগ দিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি প্রশাসন নৌবহরটি গাজা উপকূলে পৌঁছালে প্রথমে সতর্কবার্তা দেবে। সহযোগিতা করলে অংশগ্রহণকারীদের ইসরাইলি বন্দরে নিয়ে আইনি প্রক্রিয়া চালানো হবে। আর অমান্য করলে জোরপূর্বক জাহাজগুলো আটক করে উপকূলে টেনে আনা হবে। আটক জাহাজ ও মালামাল পরীক্ষা করা হবে নিরাপত্তাজনিত কারণে। যদিও সরাসরি গাজায় ঢোকার একটি বিকল্প প্রস্তাব আলোচনায় এসেছিল, কিন্তু ঘোষিত নৌ অবরোধ ও সম্ভাব্য অস্ত্র সরবরাহের ঝুঁকি বিবেচনায় সেটি বাতিল করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইঙ্গিত করা হয়েছে, এই নৌবহর শুধুই মানবিক সহায়তা বা প্রচারণামূলক উদ্যোগ নয়; বরং হামাস-এর আর্থিক সহায়তা ও সাংগঠনিক ব্যবস্থাপনায় পরিচালিত। এতে বোঝা যাচ্ছে, উদ্যোগটির রাজনৈতিক উদ্দেশ্যই মুখ্য। এ কারণে ইসরাইলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রতিক্রিয়া মোকাবিলায় আগে থেকেই জনসংযোগ ও কূটনৈতিক প্রস্তুতি গ্রহণ করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতালি ও ইসরাইল একপর্যায়ে অংশগ্রহণকারীদের জাহাজ অন্য বন্দর থেকে মাল খালাস করে নিরাপত্তা যাচাই শেষে স্থলপথে গাজায় পাঠানোর বিকল্প প্রস্তাব দিয়েছিল, তবে নৌবহরের আয়োজকরা তা প্রত্যাখ্যান করেছে। ফলে সরাসরি সমুদ্রপথেই গাজায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এই নৌবহর আটক ও পরবর্তী আইনি প্রক্রিয়া আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেবে। বিশেষত পরিচিত ব্যক্তিত্বদের মুক্তি নিয়ে ইসরাইলকে রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে যদি গোয়েন্দা তথ্য প্রমাণিত হয় যে নৌবহর হামাস-অর্থায়িত, তাহলে এর নৈতিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে, ইসরাইল পূর্ববর্তী নীতি অনুযায়ী অবরোধ বাস্তবায়ন, আইনি কাঠামো বজায় রাখা এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।
সূত্র : আল জাজিরা



