‘অর্থনৈতিক যুদ্ধে’ ফের হারবে মার্কিনরা : তেহরান

সরাসরি ওয়াশিংটনের নাম উচ্চারণ না করে গরিবাবাদি এক্সে লেখেন, তারা তাদের আগের ব্যর্থতাগুলো ঢাকার জন্য প্রতিটি পদক্ষেপে নিজেদের জন্য আরো বড় পরাজয় ডেকে আনতে বাধ্য হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
কাজেম গরিবাবাদি
কাজেম গরিবাবাদি |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ‘বিধ্বংসী অর্থনৈতিক হামলা’র ঘোষণাকে কঠোর ভাষায় তুচ্ছতাচ্ছিল্য করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, একের পর এক ভুল হিসাবের কারণে প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনকে নতুন নতুন ও বড় ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানের আন্তর্জাতিক ও আইনি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদির বরাত দিয়ে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কঠোর অর্থনৈতিক পদক্ষেপের বিপরীতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি মার্কিন নীতির তীব্র সমালোচনা করেন।

সরাসরি ওয়াশিংটনের নাম উচ্চারণ না করে গরিবাবাদি এক্সে লেখেন, তারা তাদের আগের ব্যর্থতাগুলো ঢাকার জন্য প্রতিটি পদক্ষেপে নিজেদের জন্য আরো বড় পরাজয় ডেকে আনতে বাধ্য হচ্ছে। ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জোর দিয়ে বলেন, সামরিক যুদ্ধ কাজে আসেনি, তাই তারা এখন তাদের পরবর্তী ব্যর্থতার নাম দিয়েছে 'অর্থনৈতিক যুদ্ধ'।

ইরানি কূটনীতিকের এই বক্তব্যে পরিষ্কার যে, মার্কিন কোনো নতুন অর্থনৈতিক চাপ বা হুমকিকে পরোয়া করছে না তেহরান। সামরিক ময়দানের মতো অর্থনৈতিক ক্ষেত্রেও মার্কিন নীতি চরম ব্যর্থতার মুখ দেখবে বলে মনে করছে দেশটি।