গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩, বন্যার কবলে হাজারো ফিলিস্তিনি

দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে গাজায় অস্থায়ী তাঁবুগুলো প্লাবিত হয়েছে। ইসরাইল ত্রাণ সরবরাহে ক্রমাগত বাধা দেয়ার কারণে বন্যার মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি পর্যাপ্ত আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) নাসের মেডিক্যাল কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। একইদিনে, ইসরাইল গাজা শহরের জেইতুন এবং দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছাকাছি এলাকায়ও হামলা চালিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী এখনো তথাকথিত হলুদ রেখার ভিতরের স্থানগুলোকে লক্ষ্য করে চলেছে। হলুদ রেখার কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো ক্রমশ খারাপ পরিস্থিতির ‍সম্মুখীন হচ্ছে। সামরিক বাহিনী ‘আবাসিক ভবনগুলো ভেঙে ফেলছে’। ভারী বৃষ্টিপাতের মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো বন্যার মুখোমুখি হচ্ছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় গত দুই বছরে ১৩ হাজার পরিবারের বাড়িঘর ইসরাইলি বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে। পরিবারগুলো এখন পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবে তীব্র শীত ও বন্যার ঝুঁকিতে রয়েছে।

জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ও আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজায় তাঁবু ও মোবাইল হোমের প্রবেশে বাধা দিচ্ছে।