মার্কিন সেনাদের জন্য ৫ হাজার অস্থায়ী কবর তৈরি করেছে ইরান

এটি নিছক কোনো প্রচার কৌশল বা মনস্তাত্ত্বিক পদক্ষেপ নয়, সত্যি সত্যিই তেহরান শহরের বাইরে এই কবরস্থান তৈরি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন সেনাদের জন্য প্রস্ততকৃত বকর
মার্কিন সেনাদের জন্য প্রস্ততকৃত বকর

সম্ভাব্য যেকোনো যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর নিহত সদস্যদের দাফনের জন্য তেহরানের নগর সীমানার বাইরে একটি অস্থায়ী গোরস্থান প্রস্তুত করেছে ইরান। দেশটির সংকট মোকাবিলা প্রস্তুতি ও ব্যতিক্রমী পরিস্থিতির অংশ হিসেবে এই পদক্ষেপে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ওয়ানা শনিবার জানায়, তেহরানের বেহেশত-ই জোহরা কবরস্থানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-জাভেদ তাজিক এক টেলিভিশন অনুষ্ঠানে এই তথ্য জানান। তিনি জানান, নির্ধারিত স্থানটিতে প্রায় ৫ হাজার কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এটি নিছক কোনো প্রচার কৌশল বা মনস্তাত্ত্বিক পদক্ষেপ নয়, সত্যি সত্যিই তেহরান শহরের বাইরে এই কবরস্থান তৈরি করা হয়েছে।

তাজিক জানান, ইরানি ভূখণ্ডে বিদেশি সশস্ত্র বাহিনীর প্রবেশের সম্ভাবনা সহ বিভিন্ন সংকটময় পরিস্থিতির জন্য পরিকল্পনা করা তাদের সংস্থার দায়িত্ব। সেই অনুযায়ী, নিহত বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের লাশের ব্যবস্থাপনা, অস্থায়ীভাবে সংরক্ষণ এবং প্রয়োজনে দাফনের জন্য এই সব আয়োজন রাখা হয়েছে।

ঐতিহাসিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাজিক আরও বলেন, আগের কিছু সময়কালে শহরের ভেতরেই বিদেশি সেনাদের লাশ দাফন করা হতো। তবে বর্তমান কৌশলের অধীনে নগর এলাকার বাইরে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে।

সরাসরি স্থল হামলা কিংবা আকাশপথে কোনো অভিযানের ফলে বিপুলসংখ্যক সেনা হতাহত হলে বেহেশত-ই জোহরা যাতে সেই লাশগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে, তার প্রস্তুতি থাকা প্রয়োজন। এর অংশ হিসেবে দাফনের সুবিধার পাশাপাশি হিমঘরে অস্থায়ীভাবে লাশ রাখার সক্ষমতার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

তবে এই প্রস্তুতির মানে এই নয় যে মার্কিন বাহিনীর তেহরানে প্রবেশ বা যুদ্ধ শুরু হওয়া অনিবার্য ধরে নেওয়া হয়েছে। এটিকে কেবলই সংকট মোকাবিলার নিয়মিত পূর্বপ্রস্তুতি হিসেবে অভিহিত করা হয়েছে।

কবরস্থানের কোনো ছবি প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তাজিক জানান, আরো ছবি বিস্তারিত ভাবে প্রকাশ করলে বিভ্রান্তি বা আবেগপ্রবণ ভুল ব্যাখ্যা তৈরি হতে পারতো। আর সেই কারণেই তারা ছবি প্রকাশ করা থেকে বিরত থেকেছেন।

উল্লেখ্য, এই কেন্দ্রটি প্রস্তুত করার বিষয়ে আগে থেকেই বেশ কিছু খবর ছড়িয়ে পড়েছিল, যা কেবল একটি মিডিয়া স্টান্ট বা মনস্তাত্ত্বিক কৌশল বলে প্রচার পাচ্ছিল। তবে সাম্প্রতিক অনুষ্ঠানে তাজিক আবারো জোর দিয়ে বলেন যে, মার্কিন সেনাদের জন্য নির্ধারিত সেই দাফনস্থলটি বাস্তবেও পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।