গাজায় ‘মানবিক শহর’ নির্মাণকে কেন্দ্র করে ইসরাইলে অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

মানবিক শহরের এই পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এটি নিয়ে ইসরাইলের মিত্রদের মধ্যে, বিশেষ করে যুক্তরাজ্যে, এমনকি ইসরাইলের অভ্যন্তরেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

দক্ষিণ গাজায় প্রস্তাবিত ‘মানবিক শহর’ নির্মাণের খরচ ও প্রভাব নিয়ে ইসরাইলি সরকার ও সামরিক বাহিনীর মধ্যে বিরোধ তুঙ্গে। এরই মধ্যে ওই শিবির নির্মাণ করা হলে ফিলিস্তিনিদের জন্য সেটি মূলত একটি ‘বন্দিশিবির’ হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। তার এই বক্তব্য তেল আবিবের রাজনীতিতে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে মানবিক শহর ঘিরে ইসরাইলের অভ্যন্তরেই চলছে তোলপাড়।

সম্প্রতি সেনাবাহিনীকে দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে এই মানবিক শহর নির্মাণের জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। এই প্রকল্পটি হামাসের সাথে চলমান যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম জটিল ইস্যুতে পরিণত হয়েছে।

গাজার দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপে সেনা অবস্থান বজায় রাখার শর্ত দিয়েছে ইসরাইল। সেখানেই এই শিবির নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের আগে হামাস চাইছে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বার্তায় সংগঠনটির সিনিয়র সদস্য হুসাম বাদরান বলেন, ‘শিবির নির্মাণ পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টিকারী একটি দাবি, এটি আলোচনা জটিল করে তুলছে।’

বাদরান বলেন, তাদের পরিকল্পিত ওই শিবিরটি হবে একটি বিচ্ছিন্ন শহর, যা একটি গেটোর মতো দেখতে হবে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং কোনো ফিলিস্তিনিই এতে সম্মত হবেন না।

গেটো মানে হলো একটি অবরুদ্ধ এলাকা, যেখানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে আলাদা করে রাখা হয়। এটি সাধারণত বিচ্ছিন্ন, মানবিক সেবাবঞ্চিত ও অবহেলিত পরিবেশ বোঝাতে ব্যবহৃত হয়।

গত সপ্তাহে সেনাবাহিনীকে দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে এই মানবিক শহর নির্মাণের জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেন কাটজ। এই শিবিরটি গাজা ভূখণ্ডের মধ্য দিয়ে বিস্তৃত ইসরাইলি সামরিক ‘মোরাগ করিডর’ ও মিসরীয় সীমান্তের মাঝে নির্মিত হবে।

কাটজ জানান, প্রাথমিকভাবে ছয় লাখ মানুষকে সেখানে স্থানান্তর করা হবে এবং পরে গাজার পুরো জনসংখ্যাকে সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এই শিবিরে একবার ঢোকানো হলে ফিলিস্তিনিরা কেবল অন্য দেশে যাওয়ার জন্যই বের হতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

মানবিক শহরের এই পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এটি নিয়ে ইসরাইলের মিত্রদের মধ্যে, বিশেষ করে যুক্তরাজ্যে, এমনকি ইসরাইলের অভ্যন্তরেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওলমার্ট এই পরিকল্পনার সবচেয়ে প্রভাবশালী অভ্যন্তরীণ সমালোচক হিসেবে সামনে এসেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের জোর করে শিবিরে পাঠানো হলে তা ‘জাতিগত নির্মূলের’ সামিল হবে। তাছাড়া, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিনিদের জন্য সেটি মূলত একটি ‘বন্দিশিবির’ (কনসেন্ট্রেশন ক্যাম্প) হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এই বক্তব্যের মাঝে ইসরাইলের এই পরিকল্পিত শিবিরকে নাৎসি জার্মানির সময়কার বন্দিশিবিরের সাথে তুলনা করেন তিনি। এতে করে তীব্র আক্রমণের শিকারও হয়েছেন।

ওলমার্টকে ইসরাইলের ঐতিহ্য-বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু কারাবন্দী করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে তিনি পরোক্ষভাবে তার আগের দুর্নীতির মামলার কারাদণ্ডের কথাও স্মরণ করিয়ে দেন।

এলিয়াহু বলেন, ‘ওলমার্ট ইতোমধ্যে কারাগার খুব ভালো করেই চেনেন। তিনি যেভাবে সারা বিশ্বে ঘৃণা ও ইহুদিবিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছেন, তাকে থামানোর আর কোনো উপায় নেই।’

এদিকে, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করলেও এই শিবির নির্মাণের প্রস্তাবের বিরোধিতা করছে ইসরাইলি সেনাবাহিনী।

রোববার (১৩ জুলাই) রাতে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অফ স্টাফ এয়াল জামিরের সাথে নেতানিয়াহু বিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইসরাইলি সংবাদমাধ্যমের খবরেই এসব প্রকাশ পায়।

এই প্রকল্পে বিপুল অর্থ ও সম্পদ ব্যয় হবে বলে অভিযোগ করেন জামির। এটি সেনাবাহিনীর সামরিক সক্ষমতা হ্রাস করবে এবং ইসরাইলি পণবন্দীদের উদ্ধার প্রচেষ্টাকে দুর্বল করবে বলেও সতর্ক করেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বেসামরিক নাগরিকদের স্থানান্তর ও গাদাগাদি করে রাখা যুদ্ধের লক্ষ্য নয় বলে এক আইনি আবেদনের জবাবে জানিয়েছিল জামিরের কার্যালয়।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জামিরের প্রকল্প পরিকল্পনাকে অতিরিক্ত ব্যয়বহুল ও ধীরগতির বলে প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি বাস্তবসম্মত পরিকল্পনা চেয়েছিলাম।’

এছাড়া, মঙ্গলবারের (১৫ জুলাই) মধ্যে আরো সস্তা ও দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চেয়ে নির্দেশ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই মানবিক শহর পরিকল্পনা নিয়ে আর্থিক আপত্তি জানিয়েছেন।

দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ প্রকল্পের বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১৫ বিলিয়ন শেকেল (প্রায় ৩৩০ কোটি পাউন্ড)। এটি ইসরাইলের বাজেটের ওপর বিরাট চাপ ফেলবে বলে আশঙ্কা করেন তারা।

কর্মকর্তারা জানান, এই ব্যয়ের বেশিভাগই ইসরাইলি জনগণের করের অর্থ থেকেই বহন করতে হবে। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কল্যাণ খাতে বরাদ্দ কমে যেতে পারে।

ইসরাইলের আরেক সংবাদমাধ্যম ওয়াই-নেট জানিয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রকৌশলীরা বলছেন, এই মানবিক শহর নির্মাণে ব্যয় হবে আনুমানিক ২৭০ থেকে ৪০০ কোটি ডলার। শুরুতে এর পুরো খরচই ইসরাইলকে বহন করতে হবে।

সব মিলিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর ‘মানবিক শহর’ পরিকল্পনাটিই এখন পড়ে গেছে অনিশ্চয়তায়।

সূত্র : ইউএনবি