ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে গতকাল শনিবার দক্ষিণ লেবাননে এক যুদ্ধে দুই সৈন্য নিহত এবং একজন অফিসার আহত হয়েছেন।
রোববার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রথম নিহত ব্যক্তি হলেন ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার, যিনি ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।
দ্বিতীয় নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে, কিন্তু তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়াও, একজন কর্মকর্তা আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।
দক্ষিণ লেবাননের এই ঘটনার বিষয়ে ইসরাইলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাতে দক্ষিণ লেবাননের একটি স্থানে বিকল হয়ে পড়া একটি যানবাহন উদ্ধার করতে গিয়ে ইসরাইলি সেনারা অভিযান চালাচ্ছিল।
সে সময় তাদের লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে দুইজন সেনা নিহত এবং আরেকজন আহত হন।
ক্ষেপণাস্ত্রের ধরন নিয়ে এখনো তদন্ত চলছে।
ঘটনার পরপরই ইসরাইলি বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।
সূত্র : বিবিসি



