অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক দিনে ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
বুধবার (১১ জুন) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন। জাতিসঙ্ঘ বলছে, এখন দুর্ভিক্ষে পড়ার হুমকিতে রয়েছে পুরো গাজা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে বন্দী করে নিয়ে যায়। এর পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
প্রায় ১৫ মাস টানা অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। কিন্তু সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে পুনরায় দ্বিতীয় দফায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
এই দ্বিতীয় দফার অভিযানে গত আড়াই মাসে গাজায় আরো ৪ হাজার ৬০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৪ হাজার ৬৮৬ জন।
হামাসের হাতে বন্দী থাকা ২৫১ জন বন্দীর মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল।
জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল ও অকার্যকর না করা এবং সব বন্দীকে মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।
এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় দুই মাসের নতুন যুদ্ধবিরতির একটি প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাবে নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখনো তা অনুমোদন করেনি।



