দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রে মাইন পুঁতে রাখার চেষ্টাকারী নৌযানগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ( সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, এই হামলাগুলো 'আত্মরক্ষার্থে' চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল 'ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করা'।
সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী 'চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে'।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সঙ্ঘাতের অবসানের কোনো চুক্তি 'আসন্ন নয়'।
দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, ক্যাপ্টেন হকিন্স বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের নিকটবর্তী একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। বন্দর আব্বাস হলো দক্ষিণাঞ্চলীয় একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালীর তীরে অবস্থিত একটি ইরানি নৌঘাঁটির আবাসস্থল।
সূত্র: বিবিসি



