যুদ্ধবিরতির সুযোগে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই তাদের সামরিক ও কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করছে এবং সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেক্সান্দ্রু হুডিস্টিয়ানু।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আলোচনায় অগ্রগতি থাকলেও প্রয়োজনে শক্তিশালী সামরিক বিকল্প ধরে রাখার চেষ্টা করছে উভয় দেশ।
হুডিস্টিয়ানুর মতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো নির্ভুল ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও সাম্প্রতিক মাসগুলোর তুলনায় তাদের কৌশলে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তিনি বলেন, ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও ক্রমেই কমে যাচ্ছে, কারণ এ ক্ষেত্রে ওয়াশিংটনের সুযোগ সীমিত হয়ে পড়েছে।
অন্যদিকে, ইরান হরমুজ প্রণালীকে কৌশলগতভাবে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছে এবং সংঘাতে যুক্তরাষ্ট্রকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে।
তবে হুডিস্টিয়ানু মনে করেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একাধিক দেশের সমন্বয়ে একটি জোট গঠনের সম্ভাবনাও জোরদার হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরান ওই জোটের জাহাজে হামলা চালাতে আগ্রহী হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা



