গাজায় দখলদার ইসরাইলি আগ্রাসন তীব্রতর হওয়া এবং এসব হামলায় শিশু ও নারীদের হতাহত হওয়ার কথা উল্লেখ করে জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর ঘোষণা করেছে যে, গাজায় কোনো স্থানই নিরাপদ নয় এবং তেল আবিবের হামলা থেকে কেউই রক্ষা পাচ্ছে না।
ইরানের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন সংস্থার বরাতে জানা গেছে, জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পেরিয়ে গেলেও গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই এবং এই অঞ্চলে কেউই নিরাপত্তার মধ্যে নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের অব্যাহত পদক্ষেপের ফলে বেসামরিক জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং গাজা উপত্যকায় নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ইসরাইলি বাহিনী কামানের গোলাবর্ষণের মাধ্যমে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় ইসরাইলি বাহিনীর প্রধান লক্ষ্য ছিল গাজা শহরের পূর্বাঞ্চলের আত-তুফ্ফাহ এলাকা।
এছাড়া ইসরাইলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নৌযানগুলো গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় হামলা চালায়।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি শহীদ এবং আরো তিনজন আহত হয়েছেন।
সূত্র : পার্সটুডে



