ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে সাক্ষাৎ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহি।
ইরানের গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করেই সংবাদমাধ্যমগুলো লিখেছে, খাতাম ঘাঁটির কমান্ডার সর্বোচ্চ নেতা খামেনিকে একটি প্রতিবেদন দিয়েছেন।
সেনাবাহিনী, রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি), নিরাপত্তা ও সীমান্ত পুলিশ বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাসিজসহ ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিষয়ে জানানো হয়েছে এই প্রতিবেদনে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত ৭ মে সর্বোচ্চ নেতার সাথে একটি ‘আড়াই ঘণ্টার’ বৈঠকের কথা জানালেও সেটি ঠিক কখন হয়েছিল, তা নির্দিষ্ট করে জানাননি।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর থেকে তার কোনো অডিও বা ভিডিও প্রকাশ করা হয়নি।
ইরানের সংবাদমাধ্যমগুলো শুধুমাত্র তার লিখিত বার্তা প্রচার করে আসছে।
সূত্র: বিবিসি



