ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কয়েকদিন পরই গাজা সিটিতে সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ২৮ বছর বয়সী সালেহ আলজাফরাউই গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধের ভিডিও ধারণ ও প্রচার করে পরিচিতি পেয়েছিলেন। সালেহ গাজা সিটির সাবরা এলাকায় হামাসের সাথে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন। সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রকাশিত ফুটেজ যাচাই করেছে আল জাজিরা। এতে দেখা গেছে, ‘প্রেস’ লেখা জ্যাকেট পরিহিত সালেহর লাশ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। স্থানীয় সময় গতকাল রোববার (১২ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
একাধিক ফিলিস্তিনি সূত্র জানায়, রোববার সাবরায় হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
এদিকে, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গাজা সিটিতে সংঘর্ষে ‘ইসরাইলি দখলদারদের সাথে যুক্ত একটি সশস্ত্র গোষ্ঠী’ জড়িত ছিল।
তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ওপর অবরোধ আরোপ করেছে। এসব সশস্ত্র সদস্য যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার দক্ষিণাঞ্চল থেকে গাজা সিটিতে ফিরে আসা বাস্তুচ্যুতদের হত্যার সাথে জড়িত।
সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলেছে, গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনো চ্যালেঞ্জিং।
সূত্র : আল জাজিরা



