ইরাকের পূর্বাঞ্চলে আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াসিত প্রদেশের ওই শপিংমল থেকে ১৪টি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দল ভবনের ভেতর থেকে আরো ৪৫ জনকে উদ্ধার করেছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আল-কুতের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
রয়টার্সকে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা গেছে। কিন্তু একজনের লাশ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’
নগর কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেন, ‘ধ্বংসাবশেষের নিচে আরো অনেকের লাশ রয়ে গেছে, যা এখনো উদ্ধার করা যায়নি।’
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রদেশের গভর্নর বলেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ।
গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, ‘আমরা ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’



