ইয়েমেনে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে নিজেদের লক্ষ্য অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে মনে করে ইরান-সমর্থিত হাউছিরা। হাউছিদেরে নিয়ে এমনটাই মনে করেন ইয়েমেনের নিরাপত্তা ও গোয়েন্দাবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা।
আল জাজিরা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানায়, আল-বাশা বলেছেন, ‘আজ হাউছিরা যা চায়, তারা গোটাটাই চায়। তারা পুরো ইয়েমেন চায়।’
তিনি বলেন, ‘হাউছিরা সরকার হিসেবে স্বীকৃতি পেতে চায়। ইয়েমেনের সম্পদ, আকাশসীমা ও সমুদ্রবন্দর—সবকিছুর নিয়ন্ত্রণ চায়। এরপর তারা ইয়েমেনের বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করবে। মূলত তারা চায়, সৌদিরা তাদের সরকার হিসেবে স্বীকৃতি দিক।’
আল-বাশার মতে, হাউছিরা পুরো দেশ দখল করে নিলেও রিয়াদের কাছ থেকে কয়েক শ’ কোটি ডলারের ক্ষতিপূরণ ও পুনর্গঠন সহায়তার প্যাকেজ চাইবে।
তিনি বলেন, ‘আর সৌদিরা যদি তা দিয়ে দেয়, তাহলে কী নিশ্চয়তা আছে যে হাউছিরা পরে আরো অর্থ বা নতুন কোনো দাবি জানাবে না? এই মুহূর্তে সৌদিদের জন্য পরিস্থিতি বেশ কঠিন।’
ইরানের সমর্থন হাউছিরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হতে সহায়তা করেছে। তবে আল-বাশা মনে করেন, হাউছিদের সব সিদ্ধান্তের ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
তিনি বলেন, ‘আমি মনে করি না, ইরান পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইয়েমেনে তাদের হয়তো উপদেষ্টা রয়েছে। উপদেষ্টারা হাউছিদের ওপর চাপ প্রয়োগ করতে পারে অথবা কোনো নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত করতে পারে।’
আল-বাশা আরো বলেন, ‘ইরানই আজকের হাউছি এই অবস্থানে নিয়ে এসেছে। কিন্তু ইরান ছাড়া হাউছিরা কি টিকে থাকতে পারবে? অবশ্যই পারবে!’



