ইরানের সাথে চলমান আলোচনার বিষয়ে আলোচনা করতে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর জানায়, যেকোনো আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ এবং মধ্যপ্রাচ্যে ইরানসমর্থিত জোট ও গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে—এমনটাই বিশ্বাস করেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
টানা কয়েক সপ্তাহ উত্তেজনার পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ পারমাণবিক কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনাকে “ভালো একটি সূচনা” হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে ওঠা গেলে এই সংলাপ এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, উভয় পক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে ওমানের মাসকাটে পুনরায় বৈঠকে বসতে পারে।
তবে আরাগচি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন কিংবা ভবিষ্যতেও আলোচনার বিষয় নয়। এটি ইরানের “প্রতিরক্ষা-সংক্রান্ত বিষয়” বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র : আনাদোলু এজেন্সি।



