দুই দিনের মধ্যে ইরানের সাথে আলোচনা হতে পারে: ট্রাম্প

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পরবর্তী দুই দিনের মধ্যে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে বৈঠকে বসতে আগ্রহী।”

নয়া দিগন্ত অনলাইন

আগামী দুই দিনের মধ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এ বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পরবর্তী দুই দিনের মধ্যে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে বৈঠকে বসতে আগ্রহী।”

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি।

মেলোনিকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহস নিয়ে নিজের পূর্বধারণা ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় দৈনিক কোরিয়েরে দেল্লা সেরা-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই এ বিষয়ে সমালোচনামুখর অবস্থান নেন মেলোনি। এই প্রেক্ষাপটেই তার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেন ট্রাম্প।

এর আগে পোপ চতুর্দশ লিওকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। তিনি পোপকে “দুর্বল” আখ্যা দিলে এর তীব্র প্রতিক্রিয়া জানান মেলোনি। তিনি বলেন, ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।

মেলোনির ওই প্রতিক্রিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, “মেলোনির অবস্থানই অগ্রহণযোগ্য। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা না থাকা—এ বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। অথচ সুযোগ পেলে ইরান অল্প সময়েই ইতালির জন্য হুমকি হয়ে উঠতে পারে।”

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স