রণক্ষেত্রে জিতলেও গাজা যুদ্ধে হারছে ইসরাইল: সাবেক গোয়েন্দা কর্মকর্তা

'হামাস এখনো টিকে রয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা অনেক দূরের কথা, আর ইরান এখন তার পারমাণবিক কর্মসূচির বদলে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে।'

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের সীমান্ত অঞ্চলে মোতায়েন করা ট্যাংক ও সামরিক যান
ইসরাইলের সীমান্ত অঞ্চলে মোতায়েন করা ট্যাংক ও সামরিক যান |সংগৃহীত

চলমান গাজা যুদ্ধকে ইসরাইলের জন্য একটি 'বড় কৌশলগত ব্যর্থতা' হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। পাশাপাশি তিনি তার ভাষায় ইসরাইল এই যুদ্ধে সামরিক সাফল্য লাভ করেছে বলেও দাবি করছেন।

সহজ কথায়, যুদ্ধের ময়দানে কোনো লড়াই বা অভিযানে জেতা আর পুরো যুদ্ধের মূল উদ্দেশ্য অর্জন করা এক বিষয় নয়। সামরিক পরিভাষায় 'কৌশলগত ব্যর্থতা' বলতে লড়াইয়ে একের পর এক আঘাত হেনে সাফল্য পাওয়া গেলেও দিনশেষে যুদ্ধের আসল রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়াকেই বোঝায়।

মিডলইস্ট মনিটর মঙ্গলবার (২৮ জুলাই) এ খবর দিয়েছে ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা 'আমান'-এর গবেষণা বিভাগের সাবেক প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক ব্যুরোর প্রাক্তন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড্রোর শালম এ মন্তব্য করেন। সামরিক চাকরি ছাড়ার পর দেয়া প্রথম প্রকাশ্য সাক্ষাৎকারে তিনি একাধিক ফ্রন্টে ইসরাইলের যুদ্ধ পরিচালনার তীব্র সমালোচনা করেন।

আইএনএসএস এবং দৈনিক ইয়েদিওথ অহরনথ আয়োজিত এক সম্মেলনে ড্রোর শালম বলেন, 'সামরিক দিক থেকে অসাধারণ কিছু সাফল্য এসেছে, যা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কৌশলগত বিচারে সবকটি ফ্রন্টেই ইসরাইলি সেনাবাহিনী চূড়ান্তভাবে ব্যর্থ।'

ময়দানের সার্বিক পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'হামাস এখনো টিকে রয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা অনেক দূরের কথা, আর ইরান এখন তার পারমাণবিক কর্মসূচির বদলে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে।'

সাবেক এই গোয়েন্দা প্রধান স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন, মাঠপর্যায়ে সেনা অভিযান বা হামলায় নানা সাফল্য দেখা গেলেও ইসরাইল শেষ পর্যন্ত কোনো ফ্রন্টেই মূল উদ্দেশ্য হাসিল বা চূড়ান্ত জয় নিশ্চিত করতে পারছে না।