যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজের সফরের সময় চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজের সফরের সময় চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে হওয়া চুক্তির অনুরূপ। ওই চুক্তি অনুযায়ী, কাতারের ওপর যেকোনো হামলাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। গত মাসে দোহায় বিমান হামলা চালিয়ে হামাসের নেতাদের হত্যার চেষ্টা করার পর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ‘আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি’। তবে তারা সম্ভাব্য চুক্তির বিশদ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন নিয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র দফতর, হোয়াইট হাউস ও সৌদি সরকার।

রিয়াদ ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব দীর্ঘদিন ধরেই কাতারের মতো নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র : রয়টার্স