মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বলে জানিয়েছে বিমানের একটি সূত্র। বিমানটি অবতরণের পর তাদেরকে রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
শনিবার জেডি ভ্যান্সের ইরানের সাথে আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। যেখানে তার সাথে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
ভ্যান্স ও তার আলোচক দল শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন এবং আলোচনায় অংশ নিতে আগ্রহী।
তিনি আরো বলেন, ‘যদি ইরান আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত থাকে, তাহলে আমরা অবশ্যই বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত।’
তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তা গ্রহণ করবে না এবং আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না।
মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিমান এয়ারফোর্স টু তার বিমান, পাকিস্তানের পথে যাওয়ার পথে জ্বালানি নেয়ার জন্য ফ্রান্সের প্যারিসে যাত্রাবিরতি নেয়।
সূত্র : বিবিসি



