ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সারের বাজারে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে, তাতে আগামী কয়েক মাসে বিশ্বের অন্তত ৩ কোটি ৩০ লাখ মানুষ নতুন করে চরম দারিদ্র্যের অতলে তলিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রু।
সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন যে, যদি আজই যুদ্ধ থেমে যায়, তবু এই ধ্বংসাত্মক প্রভাব এড়ানো সম্ভব নয়। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা চরম সঙ্কটের মুখে পড়বে এবং এই মুহূর্তে তা আটকানোর মতো খুব বেশি পথ খোলা নেই। যুদ্ধের মাত্র আট সপ্তাহে কয়েক দশকের তিল তিল করে গড়ে তোলা বৈশ্বিক জিডিপির প্রায় ০.৫ থেকে ০.৮ শতাংশ ইতিমধ্যে মুছে গেছে বলে তিনি আক্ষেপ করেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, বিশ্ব অর্থনীতি যখন এই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজ চলাচলের জন্য একটি ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ করিডোর তৈরির চেষ্টা চালাচ্ছেন। তবে সেই পরিকল্পনা এখনো আলোর মুখ দেখেনি। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, জাতিসংঘ অনুরোধ করলে তারা তাদের জলসীমা দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি আছেন। তবে এই প্রস্তাবের বিষয়ে মার্কিন মিশন এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। সব মিলিয়ে যুদ্ধের ময়দানের বাইরেও এক বিশাল অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের কালো মেঘ ঘনীভূত হচ্ছে।
সূত্র: রয়টার্স



