মার্কিন অবরোধ এড়িয়ে এশিয়ায় ইরানের তেলবাহী সুপার ট্যাংকার

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের একটি বিশাল তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে বলে জানা গেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা যায়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

জানা যায়, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেয়ার সময় ট্যাংকারটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরুর পর জাহাজটির ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ (এআইএস) বন্ধ রাখা হয়, ফলে এর গতিপথ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ অতিক্রম করেছে। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এর ফলে ইরানের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তাদের মতে, বন্দর অবরোধের কারণে ইরান তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে এবং মজুত সক্ষমতা শেষ হয়ে গেলে উৎপাদনও কমাতে বাধ্য হবে।

সূত্র: আল–জাজিরা