সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় ড্রুজ অধ্যুষিত শহর সুওয়াইদায় হামলা করেছে ইসরাইল। মঙ্গলবার (১৫ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ড্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে সিরীয় সরকারের কার্যকলাপের’ জবাবে ইসরাইলি বাহিনী সুওয়াইদা শহরে ‘সরকারি বাহিনী ও অস্ত্রের অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অপরদিকে, ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদা এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সুওয়াইদা অভিমুখে অগ্রসর হওয়া সিরীয় সরকারি বাহিনীর একটি কনভয় -যাতে সাঁজোয়া যান ও ট্যাঙ্ক ছিল- শনাক্ত করার পরই ইসরাইল আকাশ থেকে হামলা চালায়।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইসরাইলের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ‘ড্রুজদের রক্ষা করার অজুহাত’ দেখিয়ে ইসরাইল দখলকৃত গোলান হাইটসের বাইরে সিরিয়ার অভ্যন্তরে আরো গভীরভাবে তার সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের এ ধরনের ঘটনার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আল জাজিরা



