হরমুজ প্রণালীতে একটি মার্কিন তেল ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এ ঘটনার পর ইরানের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি মার্কিন তেল ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী গুলি চালায়। অভিযোগ অনুযায়ী, ট্যাংকারটি রাডার বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের বাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইরানের বন্দর আব্বাস এলাকার একটি পরিত্যক্ত স্থাপনায় হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তাসনিমের প্রতিবেদন আরো জানানো হয়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ ওই গোলাগুলির ঘটনাসংশ্লিষ্ট। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা



