গাজা যুদ্ধ বন্ধ করতে বলায় বিমান বাহিনীর ১৫ কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরাইলি কর্তৃপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) ইসরাইলি গণমাধ্যম ইওদিউত আহরনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বিমানবাহিনীর ১৫ কর্মকর্তা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। সেখানে গাজায় বন্দী ইসরাইলিদের বিনিময়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, এই কর্মকর্তাদের কয়েকজনের ইরানের উপর করা হামলায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু খোলা চিঠিতে স্বাক্ষরের কারণে তাদের রিজার্ভ ডিউটিতে ডাকা হয়নি।
গত ১৩ জুন মার্কিন সহায়তায় ইরানের উপর হামলা চালায় ইসরাইল। পরে এই যুদ্ধ ১৩ দিন ধরে চলে। এ সময় তারা ইরানের অনেক সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় এবং অনেক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরাইলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা দফতরে ড্রোন ও ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালায়।
ইসরাইলি গণমাধ্যমটি জানিয়েছে, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বরখাস্ত কর্মকর্তারা ইসরাইলের সুপ্রিমকোর্টে আপিল করেছে- এই বরখাস্তের আদেশ যেন প্রত্যাহার করা হয় এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়।
বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে মেজর পদমর্যাদার বিমান ক্রু থেকে নিয়ে মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তারা বিমান বাহিনীর বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
সূত্র : আল জাজিরা



