ইরানের বিক্ষোভকারীদের নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি |সংগৃহীত

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। সেখানে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ভিডিও বার্তায় ওই নির্দেশনা দেন তিনি।

ভিডিও বার্তায় পাহলভি বলেন, প্রিয় দেশবাসী। আপনার গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনাদের কর্মসূচি আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সরকারের দমন-পীড়নের মুখে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন, তা তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরো বলেন, জনগণ গণআন্দোলন গড়ে তুললে সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। সেজন্য আপনাদের কর্মসূচিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে সুশৃঙ্খল রূপরেখায় দাঁড় করাতে হবে। আপাতত আপনারা আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার, ৮ এবং ৯ জানুয়ারি ঠিক রাত ৮টায়, সড়কে কিংবা বাড়িতে যে যেখানেই থাকুন— সরকারের বিরুদ্ধে সজোরে স্লোগান দিন। আপনারা স্লোগান দেওয়ার পর আমি পরবর্তী নির্দেশনা দেবো।

ইরানের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ক্রাউন প্রিন্স বলেন, ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে সরাসরি বলছি, আপনারা ইরানের জনগণকে রক্ষা করার জন্য সামরিক ইউনিফর্ম পরেছেন এবং ইরানের সাহসী ও ঐক্যবদ্ধ জনগণ আজ এক ঐতিহাসিক মূহূর্তের মুখোমুখি দাঁড়িয়েছে। তারা নিজেদের ইতিহাস তৈরি করছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আমার প্রশ্ন- আপনারা এই নতুন ইতিহাসের কোন পক্ষে থাকবেন? অপরাধীদের পক্ষে না কি জনগণের পক্ষে?

তিনি আরো বলেন, আমি আশা করছি যে আপনারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন, তাদের পক্ষ অবলম্বন করবেন এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়া থেকে বিরত থাকবেন। যদি আপনারা এই পথ অবলম্বন করেন- তাহলে শুধু নিজেদের দায়িত্ব পালন করাই নয়, বরং নিজেদের ভবিষ্যত এবং পরিবারের সদস্যদেরও রক্ষা করতে পারবেন আপনারা।’

সূত্র : জেরুসালেম পোস্ট, এনডিটিভি ও অন্যান্য