হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি রুটের মানচিত্র নিয়ে ওমানের সাথে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে ইরান। শনিবার (১৫ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কারিগরি আলোচনার পর দুই দেশ প্রস্তাবিত রুটের মানচিত্র নিয়ে একমত হয়েছে। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে আরো কিছু শর্ত পূরণ করতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দুই তীরের দেশ ইরান ও ওমান গত তিন মাস ধরে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছে। নিরাপদে জাহাজ চলাচলের পথ নির্ধারণে গত ১৮ জুন সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর আলোচনা শুরু হয়।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে।
তিনি জানান, এখনো কিছু বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে দুই দেশের পক্ষ থেকে প্রকাশের জন্য একটি যৌথ বিবৃতি প্রস্তুতের বিষয়ও রয়েছে। প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত আলোচনা ও যোগাযোগ অব্যাহত থাকবে।
বাঘাই বলেন, ইরান ও ওমানের এ সমঝোতা দুই উপকূলীয় দেশের স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে। এর মূল লক্ষ্য দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।
তবে হরমুজ প্রণালীতে পুরোপুরি নিরাপত্তা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রকে সামরিক হুমকি, নৌ অবরোধসহ কথিত ‘অবৈধ কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে। পাশাপাশি গত দুই মাসে যুক্তরাষ্ট্রের ভঙ্গ করা প্রতিশ্রুতির ক্ষতিপূরণের বিষয়টিও আলোচনায় রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন কাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তেহরান ও মাসকাটকে। এরপর থেকেই নিরাপদ নৌ চলাচলের রুট নির্ধারণে কারিগরি আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ।
তবে ইরান বারবারই বলে আসছে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র তার দায়িত্ব ও প্রতিশ্রুতি কতটা পূরণ করছে, তার ওপর।
সূত্র : আনাদোলু এজেন্সি, ফার্স্টপোস্ট।



