ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অবনতি মোকাবেলায় নেয়া পদক্ষেপের অংশ হিসেবে তিনটি এলাকার চলমান অভিযানে ‘কৌশলগত বিরতি’র ঘোষণা দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরে ‘মানবিক উদ্দেশ্যে সামরিক অভিযানের কৌশলগত স্থগিতাদেশ’ শুরু করেছে।
যদিও বর্তমানে এসব এলাকায় সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে না বলে জানিয়েছেন তারা। তবে গত কয়েক সপ্তাহে এসব এলাকায় লড়াই ও হামলা হয়েছে।
ইসরাইলি বাহিনী আরো বলেছে, তারা গাজাজুড়ে মানুষের কাছে খাদ্য ও অন্যান্য সরবরাহ পৌঁছে দিতে সাহায্য সংস্থাগুলোর জন্য নিরাপদ রুট নির্ধারণ করবে। যদিও অবরুদ্ধ গাজায় চলমান দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করেছে ইসরাইলি সরকার করেছে।
রোববার ইসরাইলি বাহিনী আরো জানিয়েছে, তারা গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার (এয়ারড্রপ) কার্যক্রম শুরু করেছে। ত্রাণের প্যাকেজে ময়দা, চিনি ও টিনজাত খাবার সরবরাহ করা হয়েছে।
গাজায় উপত্যকায় ইসরাইলি অবরোধের কারণে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করে গত কয়েক মাস ধরে বিভিন্ন সাহায্য সংস্থা, মানবাধিকার বিশেষজ্ঞ এবং বেশ কয়েকটি দেশ সতর্ক করার পর ইসরাইল বোমাবর্ষণ ও স্থলে তাদের সামরিক হামলা বন্ধের ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি বিতর্কিত গোষ্ঠীর পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণপ্রত্যাশী শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিশ্বব্যাপী সমালোচনা বেড়েছে, এমনকি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকেও।
সূত্র : আল জাজিরা



