ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে শনিবার (৪ অক্টোবর) ইসরাইলি হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হামাস গাজা নিয়ে ২০-দফা পরিকল্পনার আংশিক মেনে নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান।
দুর্ভিক্ষপীড়িত গাজা সিটিতে ইসরাইলের বোমা হামলা ও বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে ইসরাইলি সেনাবাহিনী আক্রমণাত্মক অভিযান চালিয়েছে। ফলে প্রায় দশ লাখ বাসিন্দা গাজার দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এদিকে গাজা শহরের তুফাহ এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরাইলি হামলায় ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাত শিশুও রয়েছে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরসহ অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে।
এছাড়াও ইসরায়েলি বাহিনী দক্ষিণে গাজার আল-মাওয়াসিতে একটি বাস্তুচ্যুত শিবিরকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে দুই শিশু নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়।
আল-মাওয়াসি একটি তথাকথিত নিরাপদ মানবিক অঞ্চল যেখানে ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি পরিবারগুলোকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে। কিন্তু গত কয়েক সপ্তাহ এবং মাস ধরে এই অঞ্চলটি বারবার তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সূত্র : আল জাজিরা



