ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।
রোববার (২১ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আলোচনায় কাতারও অংশ নেবে বলে ইসলামাবাদ আশা করছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াকে সমর্থন এবং এগিয়ে নিতে পাকিস্তান ভূমিকা অব্যাহত রাখবে।
এদিকে, সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও অংশ নেয়ার কথা রয়েছে।
অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান দাবি করেছে, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান ওয়াশিংটনের সাথে সম্পাদিত চুক্তির পরিপন্থী।
শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।’’
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুপক্ষকে তাদের বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এ পথ দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে প্রণালীটি বন্ধের ঘোষণাকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা ও এএফপি



