যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত করে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এরই অংশ হিসেবে নতুন কিছু প্রস্তাব নিয়ে শনিবার তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং দুই দেশের মধ্যে সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে পাকিস্তান এ উদ্যোগ নিয়েছে। সফরকালে ইরানের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করে প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মহসিন নকভি।
ইসলামাবাদের দায়িত্বশীল সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ নিরসন এবং সম্ভাব্য সমঝোতার পথ তৈরি করাই পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মূল লক্ষ্য। এ লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিও সফরের আলোচ্যসূচিতে গুরুত্ব পাবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহরও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে মহসিন নকভির তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সাথে বৈঠক করেন মহসিন নকভি। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সূত্রগুলোর মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, উত্তেজনা প্রশমিত করা এবং কূটনৈতিক সংলাপ জোরদারে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আনাদোলু



