মিশরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১৮

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় পোর্ট সাইদের দক্ষিণে ‘৩০ জুন অ্যাক্সিস’ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মিশরের উত্তর-পূর্ব পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিভাগই জেলে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের মতে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় পোর্ট সাইদের দক্ষিণে ‘৩০ জুন অ্যাক্সিস’ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরকারি আইনজীবীরা দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, একটি পিকআপ ট্রাক দু’টি বড় কার্গো ট্রাকের মাঝে পড়ে গিয়েছিল এবং রাস্তার চারপাশে পিকআপটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিকআপ ট্রাকটি উপকূলীয় পোর্ট সাইদ এলাকায় মাছের খামারে কাজ করার জন্য জেলেদের নিয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় যোগদানের সময় মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবোলি সংঘর্ষে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

মাদবোলি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের প্রতিবেদনের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

মিশরে সড়ক দুর্ঘটনা সাধারণ। প্রতি বছর মাইক্রোবাস ও ভারী ট্রাক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারান। দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগকে সংঘর্ষের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, গত বছরের জুন মাসে একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হন, যাদের বেশিভাগই কিশোরী ছিল।

সূত্র: আল জাজিরা