গাজায় গত ২২ মাস ধরে পুরোদমে যুদ্ধ চলছে। এ সময় নিহত হয়েছে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি। গাজা আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। এহেন পরিস্থিতিতে এসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন। তিনি আন্তর্জাতিক নিয়ম-নীতি মানতে চান না। দেশের অভ্যন্তরীণ কিংবা সেনাবাহিনীর মতামতের তোয়াক্কা করতে রাজি নন। তিনি গাজায় যুদ্ধের তীব্রতা আরো বাড়াতে চান। এখন পূর্ণ গাজা নিয়ন্ত্রণে নিতে চান তিনি।
এ নিয়ে মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেছেন, পূর্ণ গাজার সামরিক নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা আসতে পারে। এমনকি এর কারণে যদি ইসরাইলি বন্দীদের নিয়ে কোনো ঝুঁকিও তৈরি হয়, তাতেও তিনি পিছপা হবেন না।
তবে সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের অনেকেই -যাদের মধ্যে সেনাপ্রধান ইয়েল জামিরও রয়েছেন- নতুন এই প্রস্তাবনার ঘোরবিরোধী। এছাড়া যুদ্ধবৃদ্ধির যেকোনো প্রচেষ্টাতেই রয়েছে জনসাধারণের তীব্র হতাশা।
ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক নিমরদ ফ্ল্যাশেনবার্গ বলেছেন, ‘যেকোনো ভূখণ্ড দখল করতে বিপুল সংখ্যক সৈন্য ও প্রচুর সম্পদের প্রয়োজন হয়। এক্ষেত্রে যেহেতু ইসরাইলিদের মধ্যে বিভাজন রয়েছে, তাই যে পরিমাণ সমর্থন দরকার, ততটুকু পাওয়া যাবে না।’
তিনি আরো বলেন, তবে আগেও দেখা গেছে যে নেতানিয়াহু যখন কোনো সিদ্ধান্ত নিতে চান, তিনি জনগণের মতামত, এমনকি বিক্ষোভকেও কোনো তোয়াক্কা করেন না।
সূত্র : আল জাজিরা



