মার্কিন বিমানবাহী রণতরিতে ৪টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি ইরানের

ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহত

মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন |ফাইল ছবি

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। চারটি ক্ষেপণাস্ত্র ওই রণতরিতে আঘাত হেনেছে।

মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

এতে সতর্ক করে বলা হয়েছে, ‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আক্রমণকারীদের কবরস্থানে পরিণত হবে।’

গত জানুয়ারির শেষদিক থেকে আরব সাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিংকন। ইরানে হামলা চালতে এই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করার পরিকল্পনা থেকে এই রণতরী মোতায়েন করে ওয়াশিংটন।

তবে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু বলেনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আরো কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।

বিবৃতিতে আরো বলা হয়, চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে। আপাতত নিহতদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো তথ্য তাদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর পর্যন্ত গোপন রাখা হবে।

সূত্র: আলজাজিরা