গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে আশ্রয় নেয়া লোকজনও রয়েছে।
হামাসের অধীনে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানান, একটি তাঁবু ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার বাহিনীর চালানো এই হামলায় ১১ জন নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন।
বারশ আরো বলেন, আহতদেরকে গাজা সিটির উত্তরের হাসপাতালগুলো ও দক্ষিণের খান ইউনিসের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, চিকিৎসা সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সঙ্কটের মধ্যেও ইসরাইল যুদ্ধ বিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন অব্যাহত রেখেছে।
মার্কিন মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি জানুয়ারিতে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহার ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে।
ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত সরকারের গণমাধ্যম অফিস শনিবার জানায়, দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে চালানো হামলায় বাস্তুচ্যুত একটি পরিবারের সাত সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও একজন বয়স্ক ব্যক্তি রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০৯ জন নিহত হয়েছে।
সূত্র : বাসস



