গাজা ছাড়তে ফিলিস্তিনিদের জন্য খুলে দেয়া হবে রাফাহ ক্রসিং

এই পদক্ষেপ মূলত গাজা খালি করার উদ্দেশ্যেই নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইসরাইল ঘোষণা করেছে, মিসর-গাজা সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং আগামী কয়েক দিনের মধ্যে খুলে দেয়া হবে। তবে এটি শুধুমাত্র খোলা হবে গাজা ছেড়ে যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের জন্য। এই পদক্ষেপ মূলত গাজা খালি করার উদ্দেশ্যেই নেয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইসরাইলের কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (সিওজিএটি) বলেছে, মিসরের সাথে সমন্বয় করে ও ইসরাইলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করতে পারবে। আর পুরো বিষয়টি তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন।

এদিকে জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মানবিক-বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) ও এর অংশীদাররা গাজার বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের জন্য সহায়তা বাড়াতে কাজ করছে। গাজার শিশুরা যুদ্ধের সময় ‘অসহনীয় যন্ত্রণা‘ সহ্য করেছে।

তিনি বলেন, ‘আমরা সব সীমান্ত ক্রসিং ও করিডোর খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি। যাতে রোগীরা পশ্চিমতীরে চিকিৎসা নিতে যেতে পারেন। এছাড়াও আন্তর্জাতিক জরুরি চিকিৎসা দলগুলোকে গাজায় প্রবেশের জন্য নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।’

তিনি আরো বলেন, গত দুই দিনেই অধিকৃত পশ্চিমতীরে প্রায় দুই ডজন ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। ওই বাড়িগুলোতে অস্থায়ী সামরিক ঘাঁটি করা হয়েছে।

সূত্র : আল জাজিরা