দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা, নিরাপত্তা শঙ্কা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পাড়ি দেয় জাহাজটি। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য পরিবহন শেষে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
এরপর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগর এলাকায় আটকা পড়ে জাহাজটি।
১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করে বিএসসি। সংঘাতপূর্ণ এলাকা থেকে জাহাজটিকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়।
কিন্তু হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকট ও চলাচল সীমিত হয়ে পড়ায় জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করতে বাধ্য হয়। এর মধ্যে ১০ এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে ইরানের কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে জাহাজটি। পরে নিরাপত্তার স্বার্থে ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।
সবশেষে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং নৌপথে চলাচল স্বাভাবিক হতে শুরু করলে বাংলার জয়যাত্রা পুনরায় যাত্রা শুরু করে। দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালী সফলভাবে অতিক্রম করতে পারায় জাহাজটির নাবিক, ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী পাড়ি দিতে পারা জাহাজটির নিরাপদ গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।



