পেজেশকিয়ানের সাথে ফোনালাপ

হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচলের আহ্বান মোদির

নয়া দিগন্ত অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচল নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সাথে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচলের গুরুত্ব তিনি পুনর্ব্যক্ত করেছেন। তাঁর ভাষায়, এটি শুধু ভারতের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Modi-1=7

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এ প্রণালীর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।

বিশেষজ্ঞদের মতে, ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় অর্ধেকই হরমুজ প্রণালীর মাধ্যমে দেশটিতে পৌঁছে। ফলে এ জলপথে যেকোনো ধরনের অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে গুরুত্ব পেয়েছে। এমন প্রেক্ষাপটে মোদি-পেজেশকিয়ানের এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র : আল জাজিরা