সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত দেশটিতে এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে নিয়মিতই ঘটে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটিতে চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময় পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণে গুদামটি ব্যবহার করা হতো। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সিভিল ডিফেন্স ও সিরিয়ান রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণস্থলে থাকা অ্যাসোসিয়েটেড প্রেসের এক আলোকচিত্রী লাশ উদ্ধার করতে দেখেছেন।
বিস্ফোরণের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এ সময় ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা যায়।
গুদামের কাছে কাজ করা গাড়ির মেকানিক আহমাদ ফাউর বলেন, প্রথমে তিনি ও অন্যরা একটি ছোট বিস্ফোরণের শব্দ শুনে সেখান থেকে দৌড়ে সরে যান। এরপর বড় বিস্ফোরণটি ঘটে।
নিজের গ্যারেজে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর দিকে দাঁড়িয়ে তাকিয়ে তিনি আরো বলেন, ‘জনবসতিপূর্ণ এলাকায়, মানুষ ও দোকানপাট থাকা একটি গ্রামে অস্ত্রের গুদাম রাখা উচিত নয়। যারা মারা গেছেন, ওই অসহায় মানুষগুলোর কোনো দোষ ছিল না।’
সূত্র : ইউএনবি



