গাজায় ইসরাইল নতুন করে হামলা চালালে যদি পণবন্দী মাতান জাঙ্গাউকার বন্দী অবস্থায় মারা যান, তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে শনিবার প্রতিজ্ঞা করেছেন ওই ইসরাইলি পণবন্দীর মা।
মাতান জাঙ্গাউকারের মা আইনভ জাঙ্গাউকার বলেন, ‘যদি নেতানিয়াহু বর্তমান চুক্তির রূপরেখার পরিবর্তে গাজা দখল করতে চান, তাহলে তা হবে আমাদের পণবন্দী ও প্রিয় সৈন্যদের মৃত্যুদণ্ড।’
চলতি মাসের শুরুতে, হামাস ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তি চুক্তির জন্য একটি কাঠামোতে সম্মত হয়েছে। কিন্তু ইসরাইল এখনো এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
পণবন্দীদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে এক সমাবেশে ওই মা নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ‘যদি আমার মাতান কফিনে ফিরে আসে, তাহলে কেবল সে ও আমিই এর মূল্য দেবো না। আমি ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনব।’
২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের সময় মাতান জাঙ্গাউকারকে তার ইসরাইলি-মেক্সিকান বান্ধবী ইলানা গ্রিটজেউস্কির সাথে কিবুটজ নির ওজের বাড়ি থেকে অপহরণ করা হয়। প্রায় ২৩ মাসের যুদ্ধের মধ্যে মাত্র দু’টি যুদ্ধবিরতির প্রথমটিতে, ২০২৩ সালের নভেম্বরে গ্রিটজেউস্কিকে মুক্তি দেয়া হয়। এরপর থেকে আইনভ জাঙ্গাউকার পণবন্দীদের নিরাপদ মুক্তির প্রচারণার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
সূত্র: বাসস



