গাজা থেকে ফেরত আরেক পণবন্দীর লাশ শনাক্ত করল ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার ফেরত পাওয়া লাশটি স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স চালক লিওর রুদাফের বলে শনাক্ত করেছে।

নয়া দিগন্ত অনলাইন

গাজা থেকে ফেরত পাঠানো সর্বশেষ পণবন্দীর লাশ শনিবার (৮ নভেম্বর) শনাক্ত করেছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অধীনে আরো পাঁচ ইসরাইলি পণবন্দীর লাশ ফেরত পাঠাবে হামাস।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার ফেরত পাওয়া লাশটি স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স চালক লিওর রুদাফের বলে শনাক্ত করেছে। রুদাফ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন।

সে সময় তার বয়স ছিল ৬১ বছর। তার সম্প্রদায় নির ইতজাক কিবুতজকে রক্ষা করার চেষ্টার সময় নিহত পাঁচ সশস্ত্র বেসামরিক ব্যক্তির মধ্যে তিনি একজন।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি কর্তৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করে। অক্টোবরের যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে হামাস যে ২০ জন জীবিত ও ২৮ জন পণবন্দীর লাশ ফিরিয়ে দিতে সম্মত হয়, তাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

এখনো আরো পাঁচটি লাশ ফেরত পাঠানো বাকি রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক তিনজন ইসরাইলি ও একজন থাই নাগরিকের লাশ এবং ২০১৪ সালে পূর্ববর্তী গাজা সংঘাতের সময় যুদ্ধে নিহত ইসরাইলি কর্মকর্তা হাদার গোল্ডিনের লাশও রয়েছে।

সূত্র : বাসস