প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যম খাতের গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই কমিশন গঠনে এবং গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল |বাসস

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি এখন একটি বড় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে বিস্তারিত অবহিত করেন।

জহির উদ্দিন স্বপন হাইকমিশনারকে জানান, দেশের গণমাধ্যম খাতের গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই কমিশন গঠনে এবং গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব সফলভাবে মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। একই সাথে তিনি তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সার্বিক কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস