বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পৃথক দুটি পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।
ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালী এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, চলমান সমঝোতা প্রক্রিয়া দ্রুতই শেষ হবে এবং অধিকাংশ বিষয় ইতোমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১০ দিনের এই যুদ্ধবিরতির সময় বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।
উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান শর্ত। সম্প্রতি ট্রাম্পই সেখানে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।
যদিও সমুদ্রপথ উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবু ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সূত্র : আল জাজিরা



