নেতানিয়াহু

গাজার জন্য নতুন পরিকল্পনা ‘যুদ্ধ বন্ধের সর্বোত্তম উপায়’

নেতানিয়াহু বলেন, ‘নতুন অভিযান মোটামুটি সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে বাস্তবায়িত হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা শহর দখলে নেয়ার এবং হামাসের অবশিষ্ট ঘাঁটিগুলোতে হামলার পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়েছেন। ইসরাইলি পরিকল্পনার ব্যাপারে চরম সমালোচনা সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধ বন্ধের এটিই সর্বোত্তম উপায়’।

জেরুসালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ ২২ মাসেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। বর্তমানে ইসরাইল এ নিয়ে গভীর বিভাজনের মধ্যে রয়েছে- একদিকে একদল যুদ্ধের অবসান ও পণবন্দীদের মুক্তির জন্য চুক্তি চায়, অন্যদিকে আরেক দল ফিলিস্তিনি যোদ্ধাদের চিরতরে পরাজিত দেখতে চায়।

নেতানিয়াহুর সিকিউরিটি কেবিনেট সম্প্রতি হামলার তীব্রতা বাড়ানো এবং গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণা করার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনা শুরু হয়।

নেতানিয়াহু গতকাল রোববার এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ শেষ করার এটাই সর্বোত্তম উপায় এবং দ্রুত শেষ করারও এটি সর্বোত্তম উপায়।’

জেরুসালেমে সাংবাদিকদের সাথে আলাপকালে নেতানিয়াহু বলেন, ‘নতুন অভিযান মোটামুটি সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে বাস্তবায়িত হবে।’

এই অভিযানের লক্ষ্য হবে, গাজা সিটিতে হামাসের অবশিষ্ট দুটি শক্ত ঘাঁটি ও তাদের মূল ঘাঁটি ধ্বংস করে দেয়া। একই সাথে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য নিরাপদ করিডোর ও নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

নেতানিয়াহু বলেন, ‘অভিযান চালিয়ে হামাসের পরাজয় নিশ্চিত করা ছাড়া ইসরাইলের সামনে আর কোনো বিকল্প নেই। ইতোমধ্যে আমরা অনেক কিছু করে ফেলেছি। গাজার ৭০ থেকে ৭৫ শতাংশ ইসরাইলের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কিন্তু এখনো দুটি শক্ত ঘাঁটি বাকি আছে। এগুলো হলো গাজা সিটি এবং আল মাওয়াসি মূল ঘাঁটি।’

সূত্র : এএফপি