গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ১১৬ ফিলিস্তিনি

ইসরাইলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই গাজায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই শিশুটির গাজা সিটির আল-শিফা হাসপাতালে মৃত্যু হয়।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে।

শনিবার (১৯ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

এদিকে ইসরাইলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই গাজায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই শিশুটির গাজা সিটির আল-শিফা হাসপাতালে মৃত্যু হয়। গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানান, শনিবার হাসপাতালে অনাহারে মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে শিশুটিও একজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগগুলো ক্ষুধার্ত মানুষের ভিড়ে উপচে পড়ছে। কর্মকর্তারা বলেছেন, গাজার ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

অপরদিকে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে এবং রাফাহের উত্তর-পশ্চিমে দুটি কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩৮ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে বিপজ্জনক জিএইচএফ কেন্দ্রগুলোর কাছে ইসরাইলি বাহিনী ও বেসরকারী সামরিক ঠিকাদারদের গুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসঙ্ঘের সংস্থা এবং অন্যান্য দাতব্য সংস্থার মতো প্রায় ৪০০টি কেন্দ্রের পরিবর্তে জিএফএইচ মাত্র চারটি কেন্দ্র পরিচালনা করছে।