ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। নিহতরা সবাই যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত একটি সংস্থার ত্রাণ নেয়ার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
বৃহস্পতিবার (২৯ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন।
দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনির সাহায্যের জন্য ছুটে আসার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়। এর একদিন পর এ হত্যকাণ্ডের তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ।
জিএইচএফের এ উদ্যোগের ব্যাপক নিন্দা জানিয়েছে মানবিক সম্প্রদায় ও জাতিসঙ্ঘের কর্মকর্তারা। তারা বারবারই বলে আসছেন, যদি ইসরাইল সাহায্যের প্রবেশাধিকার দেয় এবং বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাগুলোকে ত্রাণ বিতরণ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে গাজায় জীবন রক্ষাকারী সাহায্য নিরাপদে ও পর্যাপ্ত পরিমাণে বাড়ানো যেতে পারে।
এদিকে জাতিসঙ্ঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ইসরাইল ’ত্রাণকে যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।



