জ্বালানি ও কৌশলগত সহযোগিতা নিয়ে বাগদাদে যাচ্ছেন ইরানের স্পিকার

সফরে ইরাকি শীর্ষ নেতাদের সাথে আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন গালিবফ। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ
ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ |সংগৃহীত

আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বুধবার ইরাক সফরে যাচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি বাগদাদে পৌঁছাবেন।

সফরে ইরাকি শীর্ষ নেতাদের সাথে আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন গালিবফ। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

এ ছাড়া ইরান ও ইরাকের মধ্যে আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরো কার্যকর ও দীর্ঘমেয়াদি করার উপায় নিয়েও মতবিনিময় করবেন কর্মকর্তারা।

ইরান ও ইরাকের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতাও গুরুত্বপূর্ণ। আঞ্চলিক উত্তেজনা ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে গালিবফের এ সফরকে দুই দেশের মধ্যে সমন্বয় জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে বাগদাদ ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গালিবফের সফরে আঞ্চলিক স্থিতিশীলতা ও দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।

সূত্র : আল জাজিরা